ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুট: মামলার এজাহারে নেই হুমকিদাতার নাম

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুট: মামলার এজাহারে নেই হুমকিদাতার নাম
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২১:১২

চট্টগ্রাম নগরীর চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। চাঁদা দাবি করে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের গ্রুপের মোবারক হোসেন ওরফে ডেবিট ইমনের ফোনের অডিও ভাইরাল হলেও মামলার এজাহারে তাঁর নাম নেই। 

ডিডিএন প্রতিষ্ঠানের ম্যানেজার শামশুদোহা মিনহাজ বাদী হয়ে সোমবার মামলা করেন। তবে পুলিশ হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

আজ মঙ্গলবার নগরীর চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বলেন, ‘হামলা, ভাঙচুর ও অর্থ লুটে জড়িতের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এখনও কাউকে আটক করা হয়েছে কিনা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ডিজিটাল ডট নেট (ডিডিএন) ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানে মালিক আদিল বিন মামুনকে গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল দিয়ে চাঁদা দাবি করা হয়। নিজেকে ডেবিট ইমন পরিচয় দিয়ে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে আদিল বিন মামুন দিতে অসম্মতি জানান। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের দাবি করা টাকা না পেয়ে ১৩ জুলাই দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানের অফিস কক্ষে ভাঙচুর করে। তারা কম্পিউটার, প্রিন্টার, ফিঙ্গার মেশিন ভাঙচুরসহ ১৫ লাখ টাকার ক্ষতি করে। কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। 

আরও পড়ুন

×