স্ত্রীকে জুসের সঙ্গে সেভলন খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারী- সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ১২:৫৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাশেদা পারভীন নামের এক নারীকে জুসের সঙ্গে সেভলন মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার বিকেল ৫টার দিকে পৌর শহরের বুজরুকবোয়লিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর বরাতে তার স্বজনরা জানান, বুজরুকবোয়ালিয়া গ্রামের মান্নান মহুরীর ছেলে নাকাই কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মোক্তাদির রহমান ১ম স্ত্রী থাকার পরও রাশেদাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে মোক্তাদির তাকে নিজ বাড়িতে না রেখে বগুড়ায় ভাড়া বাসায় রাখেন। এদিকে মোক্তাদির নিয়মিত বাসা ভাড়াসহ স্ত্রীকে ভরণ-পোষণ দিতে টালবাহানা শুরু করেন এবং বিভিন্ন সময়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন। এরই জেরে সোমবার বিকেল ৫টার দিকে টাকা নিয়ে দুজনের বাকবিতণ্ডা হয়। পরে মোক্তাদির হত্যার উদ্দেশ্যে সেভলন মিশ্রিত জুস স্ত্রীকে জোরপূর্বক খাইয়ে দেয়। জুস খাওয়ানোর পর রাশেদা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. জিনিভা তানজিম জানান, সন্ধ্যায় রাশেদা পারভিন নামে একজন হাসপাতালে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে সেভলন জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- গোবিন্দগঞ্জ
- গাইবান্ধা
- সেভলন
- হত্যাচেষ্টা
