শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা- সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৩:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০৩:০২
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের একাধিক বিষয়ে দীর্ঘদিন কোনো শিক্ষক না থাকায় শিক্ষক নিয়োগ ও নিয়মিত ক্লাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টার দিকে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের আশ্বাসে তারা ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে।
কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে ভূগোল, কৃষি শিক্ষা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, গণিত ও আইসিটি বিষয়ের কোনো শিক্ষক নেই।
শিক্ষক নিয়োগ ও নিয়মিত ক্লাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিজ্ঞান বিভাগের কয়েকটি বিষয়ে কোনো শিক্ষক না থাকায় তারা কোনো ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা করতে পারেন না। এসব সমস্যার কথা কলেজ কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তাদের এ আন্দোলন।

তারা জানান, আন্দোলন চলাকালে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, থানার পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান জানান, বর্তমানে কলেজে শিক্ষকের ২৮টি পদের মধ্যে ১১টি পদই শূন্য। ভূগোল, কৃষি শিক্ষা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, গণিত ও আইসিটি বিষয়ে কোনো শিক্ষক নেই।
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দাবি পূরণে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করে।
