পাবনায় সাক্ষী পেটানো আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
মামলার প্রধান আসামি আরিফ
পাবনা অফিস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ১০:৪৩
পাবনায় ধর্ষণ মামলার সাক্ষীকে ওসির সামনে পেটানোর ঘটনায় মামলার প্রধান আসামি আরিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রোববার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
গত ২৩ জানুয়ারি পাবনা পুলিশ ঢাকা থেকে গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে আরিফকে গ্রেপ্তার করে। পরদিন রাতে তাকে পাবনা নিয়ে আসা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আরিফকে আদালতে পাঠানো হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা পাবনা থানার এসআই ওবায়দুল করিম মামলার প্রধান আসামি আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক রিমান্ড আবেদনের শুনানি শেষে আসামি আরিফকে পাবনা জেলগেটে দু'দিনের জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।
পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, তাকে আদালতের আদেশ অনুযায়ী জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।
