লেবাননে সড়ক দুর্ঘটনায় কসবার যুবকের মৃত্যু
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ১১:০৯
লেবাননে সড়ক দুর্ঘটনায় সুমন মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে। শনিবার বেপরোয়া গাড়ির চাপায় মারা যান তিনি। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তার দুই স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিন বছর আগে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে লেবাননে যান সুমন। লেবাননের বিভাগীয় শহর জুনির বদালিয়ায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তিনি। শনিবার কাজে গিয়ে একটি বেপরোয়া গতির গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লেবানন পুলিশ ও রেডক্রস সোসাইটি সুমনের লাশ উদ্ধার করে। মৃতদেহ লেবানন সাইদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শনিবার রাতে সুমনের সহকর্মী বাংলাদেশিরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর কসবায় পরিবারের লোকজনকে জানান। ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা হারুনা বেগম।
রোববার দুপুরে সুমনের বাড়িতে গিয়ে দেখা গেছে হৃদয়বিদারক দৃশ্য। সুমনের প্রথম স্ত্রী কহিনুর আক্তার স্বামীর শোকে কাঁদতে কাঁদতে সংজ্ঞাহীন হয়ে যাচ্ছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কহিনুর আক্তারের দাবি, স্বামীর লাশ যেন সরকার ফেরত আনার ব্যবস্থা করে। সুমনের দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তারও স্বামীর শোকে বাকরুদ্ধ। তিনি জানান, শুক্রবার তার স্বামী সর্বশেষ তাকে ফোন করেছিলেন। এ মাসে বেতন পেয়ে ছুটি নিয়ে বাড়ি আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সেই আসা আর হলো না।
সোনিয়ার ঘরে রয়েছে সুমনের পাঁচ বছরের ছেলে রিজুয়ান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
- বিষয় :
- বাংলাদেশির মৃত্যু
- লেবানন
- কসবা
