নৌকা ডুবে ভাইয়ের মৃত্যু, নিখোঁজ বড় বোন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২২ | ০৩:২৯ | আপডেট: ১৫ জুন ২০২২ | ০৭:২৮
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার পথে বন্যার পানিতে নৌকা ডুবে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সৌরভ মিয়া (১০)। সে উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার ছেলে।
এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছে সৌরভের বড় বোন এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, আজ বুধবার সকাল ১১টার দিকে চার শিক্ষার্থীকে নিয়ে শিক্ষার্থীদের চাচা আমিনুল হক হাতে বাওয়া ছোট নৌকা নিয়ে রাজনগর গ্রাম থেকে পাশের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল। তামান্না আক্তার (১৪), সাইফুল (১৫) এবং রুমি আক্তার (১৬) নামের শিক্ষার্থী তিন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার প্রবেশপত্র আনতে এবং তামান্নার ছোট ভাই সৌরভ তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। পথে গোজাউড়া হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সৌরভসহ তিনজনকে উদ্ধার করে। নিখোঁজ থাকে সৌরভের বোন তামান্ন। পরে পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়া সৌরভকে দোয়ারাবাজার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর ২টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তামান্নার খোঁজ মেলেনি।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একজন এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। স্থানীয় লোকজনের চেষ্টায় উদ্ধার অভিযান চলছে।
