ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুদকের গণশুনানিতে চসিকের বিরুদ্ধে নানা অভিযোগ

দুদকের গণশুনানিতে চসিকের বিরুদ্ধে নানা অভিযোগ
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৯:৩২

চার বছর আগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় প্রবাসী জহির আহমদের পাঁচতলা ভবনের গৃহকর নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৩ হাজার টাকা। ওই বছর সব টাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের কর আদায়কারীকে পরিশোধ করেন তিনি। কিন্তু তাকে রশিদ দেওয়া হয় ৫৫ হাজার টাকার। বাকি টাকার কোনো রশিদ দেওয়া হয়নি তাকে। এ বিষয়ে সিটি করপোরেশনে অভিযোগ করেও প্রতিকার পাননি কোনো।  

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণশুনানিতে অংশ নিয়ে এ অভিযোগ করেন জহির আহমদ। শুনানিতে উপস্থিত দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে দুদক ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম এই শুনানির আয়োজন করে।

এদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবার মান, পরিচ্ছন্নতা, দরপত্র ও পদোন্নতিতে অনিয়ম, নালা দখলসহ বিভিন্ন বিষয়ে ৬৯টি অভিযোগ উপস্থাপন করা হয়।

গণশুনানিতে সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুল হুদা ছিদ্দিকী অভিযোগ করেন, ২০১৬ সালের নভেম্বর মাসে ট্রলি সংস্কার দেখিয়ে মেসার্স মাসুম এন্টারপ্রাইজের নামে ভুয়া বিল তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক ও অন্যরা। এ ছাড়া সাগরিকায় একটি নতুন ও একটি পুরোনো অ্যাসফল্ট প্ল্যান্ট রয়েছে। পুরোনো প্ল্যান্টটিতে ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এরপরও সুদীপ বসাক ১২৯ জন লোক নিয়োগ দিয়েছে। অধিকাংশ লোকই তার আত্মীয়-স্বজন।

এছাড়া সাগরিকায় করপোরেশনের পাথর ডিপোতে সুদীপ বসাকের বিরুদ্ধে পাথর গ্রহণ ও বিতরণ হিসাব গড়মিল দেখিয়ে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন শামসুল হুদা সিদ্দিকী। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, ৫০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি ওয়ে ব্রিজ (গাড়িসহ মালামাল মাপক যন্ত্র) স্থাপন ও সরবরাহের কাজ দিয়েছে এক চাচাতো ভাইকে। তার তিন সহকর্মী অভিযোগ করেন জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সুদীপ বসাককে পদোন্নতি দেওয়া হয়েছে।

এসব অভিযোগ উপস্থাপনের আগে সুদীপ বসাককে মঞ্চে ডেকে নেওয়া হয়। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, 'সব কিছু নিয়ম-নীতি মেনে হয়েছে।' এই ব্যাপারে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্য দুদকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন কমিশনার আমিনুল ইসলাম।

শুনানিতে অংশ নিয়ে ব্যবসায়ী আবদুল মতিন অভিযোগ করেন, লেকসিটি প্রকল্পে প্লট দেওয়ার কথা বলে সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা জানে আলম তার কাছ থেকে ৩৩ লাখ টাকা নেন। এ জন্য কাগজপত্রও দেন। কিন্তু পরে যাচাই-বাছাই করে দেখেন এসব কাগজপত্র জাল। এরপর টাকা ফেরত দেওয়ার কথা বললেও তা দেননি ওই কর্মকর্তা। করপোরেশনের কর্মকর্তা হওয়ায় তিনি টাকা দিয়েছিলেন। এখন প্রতারিত হয়েছেন। এর প্রতিকার চান তিনি।

এ সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন অনিয়মের অভিযোগে জানে আলমকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান আছে। দুদক কমিশনার আমিনুল ইসলাম দুই মাসের মধ্যে মামলা নিস্পত্তি এবং ভুক্তভোগীর টাকা ফেরত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে করপোরেশনকে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেন।

শুনানিতে করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীর বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে এক শ্রমিককে পরিদর্শক করার অভিযোগ আনা হয়। এ ছাড়া টাকা না দিলে ময়লা সরানো হয়নি বলে অভিযোগ করেন শুল্ক্কবহর ওয়ার্ডের এক বাসিন্দা।

সালামত মিয়া নামের লালখান বাজার ওয়ার্ডের এক বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ ওরফে মানিক মসজিদের জায়গায় জোরপূর্বক দোকান নির্মাণ করে ভাড়া বাবদ ৭০ লাখ টাকা আদায় করেছেন। এ ছাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়ে ১০ হাজার টাকা করে নেন। রেলওয়ের পাহাড়ি জমি দখল করেছেন। আর উন্নয়নকাজের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। শুনানিতে উপস্থিত থাকা কাউন্সিলর কবির আহমদ এসব অভিযোগ অস্বীকার করেন। তবে জেলা প্রশাসককে এই ব্যাপারে তদন্তে নির্দেশ দেন দুদক কমিশনার।

এদিকে নগরের টাইগারপাসে বস্তিবাসীদের জন্য নির্মিত ভবনে করপোরেশনের কার্যালয় করার বিষয়ে অভিযোগ দেন মনি বেগমসহ তিন বস্তিবাসী। তারা বলেন, 'করপোরেশন তাদের কাছ থেকে টাকা নিলেও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি। এখন তারা মানবেতর জীবনযাপন করছেন।'

এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, 'টাইগারপাসে করপোরেশনের কার্যালয়টি অস্থায়ী। আন্দরকিল্লায় নতুন নগর ভবন নির্মাণ করা হবে। এরপর বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।'

আরও পড়ুন

×