২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে পৌঁছাল মার্কিন রণতরী
ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৭
সমুদ্রে ২৮৬ দিন কাটানোর পর মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন থাইল্যান্ডে পৌঁছেছে। বুধবার দেশটির লাইম চাবাং-এ পৌঁছায় রণতরী আব্রাহাম লিংকন। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সেনাসহ রণতরীটি ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন নৌ অবরোধ ও অভিযানের পক্ষে লড়াই করছিল।
ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের মতে, সমুদ্রে টানা অবস্থান করার ক্ষেত্রে রণতরীটি একটি আধুনিক যুগের রেকর্ড গড়েছে।
থাই কর্মকর্তারা জানান, অন্যান্য মার্কিন নৌযানের সঙ্গে পারমাণবিক শক্তিচালিত এই বিমানবাহী রণতরীটি থাইল্যান্ডে বিশ্রাম ও সুস্থতা লাভের জন্য এ যাত্রাবিরতি নিচ্ছে। এটি পাঁচ দিন স্থায়ী হবে বলে জানিয়েছেন তারা।
আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে মোতায়েন করা হয়েছিল। সাধারণত নৌ মোতায়েনগুলো ছয় থেকে নয় মাসের জন্য হয়, তবে সংঘাতের সময়ে সেগুলো বাড়ানো হতে পারে।
ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ৩-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল রবার্ট ই. লাফরান এক বিবৃতিতে বলেছেন, ‘লাইম চাবাং-এ আমাদের আগমন আমাদের নাবিক ও মেরিনদের বিশ্রাম নেওয়া এবং পুনরায় উজ্জীবিত হওয়ার একটি উপযুক্ত সুযোগ প্রদান করছে।’
‘এই স্ট্রাইক গ্রুপ যা অর্জন করেছে তা সত্যিকার অর্থেই ঐতিহাসিক। আমাদের অভিযানের সময় এই দলের প্রত্যেক সদস্য যে ব্যতিক্রমী পেশাদারিত্ব এবং দক্ষতা প্রদর্শন করেছে, তা নিয়ে আমি গর্বিত।’
২০০৩ সালে প্রধান ন্যাটোবহির্ভূত মিত্র হিসেবে মনোনীত হওয়ার আগে, ১৯৫৪ সালে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের চুক্তিভিত্তিক মিত্র হয়ে ওঠে। উভয় দেশের সামরিক বাহিনীই দৃঢ় সম্পর্ক বজায় রাখে এবং বার্ষিক যৌথ মহড়া অনুষ্ঠিত করে।
ব্যাংকক জানিয়েছে, এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো সম্পর্ক নেই এবং চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী এই বন্দর যাত্রাটি (পোর্ট কল) বিশ্রাম, সুস্থতা লাভ এবং লজিস্টিক বা রসদ সরবরাহের জন্য।
সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ হেলিকপ্টার এবং যুদ্ধবিমানে ঠাসা প্রশস্ত ফ্লাইট ডেক নিয়ে বুধবার সকালে লাইম চাবাং-এ এসে পৌঁছায় লিংকন।
বিকেলের প্রথমভাগ পর্যন্ত ক্রুরা জাহাজেই ছিলেন। হাজার হাজার সামরিক কর্মীর আগমন নিকটবর্তী রিসোর্ট শহর পাতায়ার অর্থনৈতিক উন্নতির আশা জাগিয়েছে। পাতায়া যৌন পর্যটন (সেক্স ট্যুরিজম) গন্তব্য হিসেবেও সুপরিচিত।
পাতায়ার মেয়র পোরামাস এনগামপিচেস বলেছেন, প্রায় ৪০টি বাসের একটি বহর পাতায়া এবং লাইম চাবাং বন্দরের মধ্যে সামরিক কর্মীদের আনা-নেওয়া করবে। পাতায়া ব্যাংককের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে থাইল্যান্ড উপসাগরে অবস্থিত।
থাই কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে এক অভিযানে পতিতাবৃত্তির দায়ে সন্দেহভাজন ৪০ থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া, পাতায়ার প্রধান সমুদ্রসৈকত এবং নাইটলাইফ ডিস্ট্রিক্টের (রাতের বিনোদন কেন্দ্র) চারপাশে অতিরিক্ত টহল মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তারা।
থাইল্যান্ডে পতিতাবৃত্তি কাগজে কলমে অবৈধ। তবে মাঝে মাঝে দমন-পীড়ন সত্ত্বেও ব্যাংকক, ফুকেত এবং পাতায়াসহ পর্যটন কেন্দ্রগুলোতে যৌন শিল্প প্রকাশ্যেই পরিচালিত হয়।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- থাইল্যান্ড