নওগাঁয় দুর্ঘটনায় হুইপ আবু সাঈদ আহত
সড়ক দুর্ঘটনায় আহত হুইপ আবু সাঈদ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৯
নওগাঁর মান্দায় জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মান্দা উপজেলার ফেরিঘাটে মসজিদের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী বিমানবন্দরে নেমে ব্যক্তিগত মাইক্রোবাসে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মান্দার ফেরিঘাটে মসজিদের পাশে হুইপকে প্রোটকল দেওয়া পুলিশের পিকআপটি আগে পার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মাঝখানে ঢুকে যায়। এতে ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় হুইপের ডান পায়ে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয়েছেন।
ঘটনাস্থলে জেলা প্রশাসক হারুন অর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম পরিদর্শন করেছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এছাড়া হুইপ প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয়েছেন।
- বিষয় :
- নওগাঁ
- সড়ক দুর্ঘটনা
- আহত
- হুইপ
- আবু সাঈদ আল মাহমুদ স্বপন
