মুক্তিযোদ্ধার মাথা বিচ্ছিন্ন করার কারণ বেকারত্ব নিয়ে কটাক্ষ
গ্রেপ্তার সোহরাব হোসেন সাদিচ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২১
বেকারত্ব নিয়ে সোহরাব হোসেন সাদিচকে (২৬) কটাক্ষ করতেন মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক উপ-পরিদর্শক একেএম নুরুল আজম। র্যাব জানায়, এর প্রতিশোধ হিসেবেই ছুরি দিয়ে ওই মুক্তিযোদ্ধার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে সোহরাব। গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ তথ্য জানিয়েছে।
গত রোববার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহরাব একই উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে গত শনিবার দুপুর ১২টার দিকে হারপাড়া গ্রামের জলাশয় থেকে মাথা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় ৭২ বছর বয়সী নুরুল আজমের মরদেহ উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, রাউজানের উরকিরচরে নুরুল আজমের দোকান রয়েছে। দোকানে বসে নিয়মিত আড্ডা দিত সোহরাব। বেকার থাকায় বিভিন্ন ফরমায়েশও খাটত সে। মাঝেমধ্যে ঠাট্টার ছলে সোহরাবকে বিদ্রুপ করে কথা বলতেন নুরুল আজম। এমনকি বেকারত্ব নিয়েও তাকে হেয়প্রতিপন্ন করতেন। এতে ক্ষিপ্ত হয় সোহরাব। পাঁচ মাস আগে সে নুরুল আজমকে হত্যার পরিকল্পনা করে।
তিনি আরও জানান, জানুয়ারি মাসে সোহরাব নগরের বাকলিয়া এলাকায় একটি ওয়ার্কশপে চাকরি নেয়। ঘটনার আগের দিন সে বাড়িতে আসে এবং ঘটনার দিন সকালে স্থানীয় কামারের দোকান থেকে একটি ছোরা কিনে নেয়। সেই ছোরা দিয়ে কুপিয়ে নুরুল আজমকে খুন করে সোহরাব। পরে ছোরাটি পানিতে ধুয়ে দোকানে ফেরত দেয় সে। তাকে গ্রেপ্তারের পর তার বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। পরে কামারের দোকান থেকে ছোরাটিও উদ্ধার করা হয়।
- বিষয় :
- গলা কেটে হত্যা
- মুক্তিযোদ্ধা
- চট্টগ্রাম
