নাসিরনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা না করতে হুমকি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৩
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুই অভিযুক্ত। মামলা করলে ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিয়েছে তারা। অভিযুক্ত ফারুক মিয়া (২২) একই গ্রামের ছোবা মিয়ার ছেলে ও আজহারুল মিয়া (২০) মারাজ মিয়ার ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর বড় বোন বলেন, আমার বোন স্কুল থেকে ফেরার পথে প্রায়ই ফারুক মিয়া ও আজহারুল মিয়া উত্ত্যক্ত করত। ঘটনার রাতে ভাত খেয়ে সে বাড়ির উঠানে হাঁটছিল। তখন ফারুক ও আজহারুল তার মুখে চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পাশের বাড়ির এক বৃদ্ধা নারী পরিত্যক্ত ঘরে গোঙানির শব্দ শুনতে পেয়ে দরজা খুললে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আমার বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, আগেও ফারুক চতুর্থ ও নবম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে। গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোয়াব আহম্মেদ হৃতুল বলেন, অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে এমন আরও দু'টি ঘটনার গ্রাম্য সালিশ হয়েছে। এ ঘটনায় ফারুকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
নাসিরনগর থানার ওসি সাজেদুর রহমান জানান, এ নিয়ে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ধর্ষণ
- ব্রাহ্মণবাড়িয়া
- স্কুলছাত্রী
