পাওনা টাকা চাওয়ায় মারধরে বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:৩০
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে আব্দুল মোতালিব নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে মামলাটি করেন ভুক্তভোগীর ছেলে পিয়াল হাসান।
আসামিরা হলেন– মহিউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মেম্বার, তাঁর ভাগনে মোহাম্মদ আলী। নিহত আব্দুল মোতালিব বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, প্রায় এক বছর আগে সুতার ব্যবসার জন্য আব্দুল মোতালিব স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিনকে ১২ লাখ ১৩ হাজার টাকা দেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও টাকা ফেরত না পাওয়ায় উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত ১২ জুন মহিউদ্দিনের বাড়িতে একটি সালিশ বৈঠক হয়। সেখানে মুছাপুর ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নেন। গত শুক্রবার সকালে আব্দুল মোতালিব পাওনা টাকার বিষয়ে আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আনোয়ার তাঁর দাড়ি ধরে ধাক্কা দেন এবং কিল-ঘুষি মারেন। এতে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। প্রধান আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- নিহত
