সাতক্ষীরায় টানা বৃষ্টিতে উপকূলের ৩৫ পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিতে
টানা বৃষ্টিতে বেড়িবাঁধ তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০১:১৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০১:১৯
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ভারতের উড়িষ্যা উপকূলে সরে গিয়ে দুর্বল হওয়ার পর সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের প্রভাবে বুধবার সকালে সাতক্ষীরায় টানা চতুর্থ দিনেও হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অবিরাম বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
এদিকে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুটের অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা আবহাওয়া অফিস। পানিতে ভেসে গেছে শত শত বিঘা মৎস্য ঘের।
অপরদিকে, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার জরাজীর্ণ ৩৫টি পয়েন্টে প্রায় ৬২ কিলোমিটার বেঁড়িবাধ ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি আর ২-১ দিন অব্যাহত থাকলে বাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
শ্যামনগরের গাবুরার ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে এলাকায়। নদীতে জোয়ারের সময় বাতাসের তীব্রতা বাড়ছে। ইতোমধ্যে ভারি বর্ষণের কারণে সহস্রাধিক বিঘা মৎস্যঘের পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া গাবুরা, নাপিতখালি, জেলেখালিসহ কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। ওই সব এলাকায় যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। ইতোমধ্যে উপকূলীয় সব নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে।’
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২-১ দিন আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবুল খায়ের জানান, পানি উন্নয়ন বোর্ড বিভাগের আওতায় মোট ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৫টি পয়েন্টে প্রায় ৬২ উপকূল রক্ষা জরাজীর্ণ বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার অনেক জায়গায় চলমান রয়েছে।
- বিষয় :
- নিম্নচাপ
- সাতক্ষীরা
- বেড়িবাঁধ
- টানা বৃষ্টি
- বৃষ্টিপাত
