ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ডোবায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ, আরেক ব্যবসায়ী নিখোঁজ

ডোবায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ, আরেক ব্যবসায়ী নিখোঁজ
×

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:২৮

নেত্রকোণার কলমাকান্দায় ডোবা থেকে মিলন মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকে একই এলাকার আরেক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

শনিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি স্কুল মোড়ের ডোবা থেকে মিলনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

মিলন পেশায় একজন কাপড় ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট ছিলেন। ওই এলাকার মো. কালা চাঁন মিয়ার ছোট ছেলে তিনি।

এদিকে একই এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে শাহজাহানের (২৩) খোঁজ মিলছে না। তিনি মোবাইলে রিচার্জ ব্যবসা করতেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. সুরুজ আলী বলেন, কালাইকান্দি স্কুল মোড় এলাকায় শাহজাহানের দোকানের পেছনের ডোবায় মিলনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শাহজাহানের বাড়ির পেছনে তার ব্যবহৃত রক্তমাখা জামা, কাপড়, লুঙ্গি ও চামড়ার স্যান্ডেল দেখা যায়। কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবারের লোকজন। 

জানা গেছে, মিলন ও শাহজাহান তাদের ব্যবসা প্রতিষ্ঠানেই রাত্রি যাপন করতেন। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। কী কারণে, কারা মিলনকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শাহজাহানকে খুঁজে বের করতে চেষ্টা চলছে।


আরও পড়ুন

×