চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৪:৫৯
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৯টায় বানৌজা পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। মোটরসাইকেল চালিয়ে মাহবুব গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা পেকুয়া সড়কে উঠতেই মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রাকিবুল হাসান বলেন, বানৌজা পেকুয়া সড়কটির একপাশে লাকড়ির বড় একটি স্তূপ রয়েছে। এই স্তূপের কারণে মোহাজেরপাড়া থেকে কোনো গাড়ি মূল সড়কে উঠলে দূর থেকে তা দেখা যায় না। এ কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ বাড়িতে রয়েছে। অন্যজনের মরদেহও হাসপাতাল থেকে বাড়িতে আনা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে, তাহলে পুলিশ সেভাবেই পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই
