ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

যশোরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

যশোরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত
×

সেলিম রেজা

যশোর অফিস

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৫:১৬

যশোরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকালে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুরে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীতগামী অজ্ঞাত এক পিকআপের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত এক পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, ঘাতক পরিবহন ও পিকআপ পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে গেছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।

এদিকে, স্কুলে যাওয়ার পথে শিক্ষকের অকাল মৃত্যুতে শোকাভিভূত পরিবেশের সৃষ্টি হয়েছে খাজুরা অঞ্চলে। মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর বন্ধ ঘোষণা করা হয়েছে নিহত শিক্ষকের স্কুল। শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে।

আরও পড়ুন

×