হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুকে নেবুলাইজার দেওয়া হচ্ছে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে তোলা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৬:৩০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১২।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ জন।
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এ পর্যন্ত এক লাখ ১০ হাজার ৯১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৯ হাজার ১৫২ শিশু বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।
- বিষয় :
- হাম
- শিশুর মৃত্যু
- হামের উপসর্গ
