বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৭:১২ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৭:২২
সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ক্যান্সার সেবা, বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ জুন) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করা হয়।
বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে বাজেট বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন। এর আগে, মিল্টন হলে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদিত হয়।
ঘোষিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার এবং নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এবারের বাজেটে ঘাটতির পরিমাণ ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদার মাধ্যমে সংকলন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, নাছির উদ্দিন ভূঁঞা ও মোহাম্মদ বদরুল হুদা।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, এবারের বাজেটের প্রতিপাদ্য হলো- ‘আগামীর বাংলাদেশ যেন হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ। চিকিৎসা হবে প্রয়োজনের ভিত্তিতে, সামর্থ্যের ভিত্তিতে নয়।’
তিনি বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি-গঠনে চিকিৎসা সেবা ও গবেষণাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত, উন্নয়নমুখী ও জনকল্যাণকেন্দ্রিক এবং অর্থনৈতিক বাস্তবতার নিরিখে স্বাস্থ্য খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা শিক্ষা পরবর্তী চাহিদাকে সামনে রেখে ‘কস্ট কন্ট্রোল অ্যান্ড কস্ট রিডাকশন ব্যয় নীতি’ অনুসরণের মাধ্যমে এই বাজেট তৈরি করা হয়েছে।
কোষাধ্যক্ষ বলেন, শিক্ষা ও একাডেমি উন্নয়নে পাঠ্যক্রম আধনিকায়ন, ডিজিটাল ক্লাস রুম ও ই-লার্নিং গবেষণার অনুদান বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জামাদির সংযোজন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুসহ বিনামূল্যে ওষুধ প্রদানে অতিরিক্ত টাকার বরাদ্দ দিয়ে মানবিক বাংলাদেশ গড়ায় অবদান রাখতে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিচালন বাজেটের পাশাপাশি উন্নয়ন বাজেটও ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছে পুরাতন বেতার ভবনে অ্যাক্রেডিটেড ল্যাব, রিসার্চ সেন্টার ও প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প, এস্টাবলিশমেন্ট অফ বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার, সুপার স্পেশালাইজড হাসপাতাল হেপাটোবিলিয়ারি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার স্থাপন, কেন্দ্রীয় স্টেম সেল ও গবেষণা কেন্দ্র স্থাপন, ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি দ্বিতীয় পর্যায় ইত্যাদি। এছাড়া ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে বিশ্ববিদ্যালয় কর্তৃক জায়গা বরাদ্দ সাপেক্ষে ছাত্রছাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণে একটি মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের প্রস্তাব রাখা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পরিচালক খন্দকার শফিকুল হাসান রতন বলেন, সুস্থ নাগরিক, সমৃদ্ধ বাংলাদেশ। স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, এটাই আমাদের অঙ্গীকার। এই চেতনাকে ধারণ করেই এবারের বাজেট ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- বরাদ্দ বৃদ্ধি করে বিনামূল্যে ওষুধে ২০ কোটি টাকা, সময় উপযোগী চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন উপখাতে ৯০ কোটি টাকা, ক্যান্সার রোগীদের জন্য অনকোলজি বিভাগের অকেজো একটি লিনিয়ার এক্সিলেটর মেশিন নতুনভাবে চালুসহ আরও দুটি লিনিয়ার এক্সিলেটর মেশিন চালুর লক্ষ্যে ৭৬ কোটি টাকা, গবেষণা বাবদ ২৮ কোটি ৫ লাখ টাকা, ইলেক্ট্রনিক মেডিকেল রেকর্ডে ৭ কোটি টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৫ কোটি টাকা, ই-লগ বুক উপখাতে এক কোটি টাকা, পূর্ত ও সংরক্ষণে ১৫ কোটি টাকা, বইপত্র ও সাময়িকী উপখাতে এক কোটি ৩০ লাখ টাকা, প্রশিক্ষণ ব্যয়ে দুই কোটি ১০ লাখ টাকা, রোগীদের খাবারের পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে ১৮ কোটি টাকা, ছাত্রছাত্রীদের বৃত্তি, মেধাবৃত্তির জন্য ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
২৯তম বাজেট অধিবেশন উপলক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সিদ্দিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ।
- বিষয় :
- বিএমইউ
