দীর্ঘদিন প্রেমের পর বিয়ে, ভাঙছে অভিনেত্রীর ৯ বছরের সংসার
আকাঙ্ক্ষা চামোলা ও গৌবর খান্না। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৫:৪৮
দীর্ঘদিন প্রেমের পর বিয়ে। ভারতের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তারা। কিন্তু দীর্ঘ ৯ বছরের সেই সাজানো সংসারে যে ফাটল ধরেছে, তা হয়তো কেউ চিন্তাই করতে পারেননি। অবশেষে অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা স্বীকার করলেন, তার ও স্বামী গৌবর খান্না বৈবাহিক সম্পর্ক ভাঙনের পথে। তিনি জানান, গত এক বছর ধরে তারা আলাদা থাকছেন ও বর্তমানে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে এই তথ্য প্রকাশ করেন আকাঙ্ক্ষা। একটি গোপন তথ্য জানাতে বলা হলে তিনি বলেন, ‘আমি এবং গৌরব ডিভোর্স নিচ্ছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।’ সম্পর্কের ইতি টানলেও দুজনের মধ্যে কোনো তিক্ততা নেই বলেও জানান আকাঙ্ক্ষা।
তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খারাপ নয়। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা বুঝেছি, জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ ভাবনা এক নয়। তাই সঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই।’

২০১৬ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন গৌরব ও আকাঙ্ক্ষা। দীর্ঘদিন ধরে টেলিভিশনের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তারা। ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে একে অপরকে প্রকাশ্যে সমর্থন করতেও দেখা গেছে এই জুটিকে।
এর আগে ‘বিগ বস’-এর ১৯তম আসরে অংশ নেওয়ার সময় গৌরব খান্না সন্তান নেওয়ার বিষয়ে তাদের মতপার্থক্যের কথা জানিয়েছিলেন। সহ-প্রতিযোগীর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, তিনি সন্তান চান, কিন্তু আকাঙ্ক্ষা মা হতে আগ্রহী নন। ভালোবাসার বিয়ে হওয়ায় স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানিয়েছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আকাঙ্ক্ষা। সে সময় তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তাদের দাম্পত্যে কোনো সমস্যা নেই এবং সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

একই সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছিলেন তিনি। আকাঙ্ক্ষা বলেন, ‘আমি নিজেকে মা হিসেবে কল্পনা করি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ জন্য কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।’
এদিকে আকাঙ্ক্ষা বর্তমানে ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন। এই আসরে আরও রয়েছেন রাম কাপুর, শিবাঙ্গী জোশী, সুনিতা আহুজা, ধীরাজ ধোপার, হর্ষদ চোপড়া, রিয়াজ আলি এবং সুফি মতিওয়ালাসহ আরও অনেকে। সূত্র: এনডিটিভি
