ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

জব্দ করা হলো পৌনে ৩ কোটি টাকার হাকিমপুরী জর্দা

জব্দ করা হলো পৌনে ৩ কোটি টাকার হাকিমপুরী জর্দা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০১

সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে পৌনে তিন কোটি টাকার জর্দা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ দল। বুধবার মিরসরাই উপজেলার হিঙ্গুলীর আবছার ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে এসব জর্দা জব্দ করা হয়।

সেখান থেকে জর্দাভর্তি কার্টনগুলো নগরের সদরঘাট থানার পুরাতন কাস্টম এলাকায় ভ্যাট কমিশনারেটের গুদামে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রামের কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাউছ কেমিক্যাল ওয়ার্কসের তৈরি ২৫৮ কার্টন 'হাকিমপুরী' জর্দা জব্দ করা হয়। এর মধ্যে ৫০ গ্রামের ২১৬ কৌটার ১০০ কার্টন এবং ২৭৬ কৌটার ১৫৮ কার্টন জর্দা রয়েছে। যার মোট ওজন ৩ হাজার ২৬০ দশমিক ৪০ কেজি। 

এসব জর্দার ক্রয়মূল্য ৯৭ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এর সঙ্গে ভ্যাট হিসেবে ৩৬ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকা ও সম্পূরক শুল্ক হিসেবে ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৫০ টাকা মিলে চালানটির মূল্য দাঁড়ায় পৌনে ৩ কোটি টাকার বেশি। 

তিনি জানান, তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা জর্দা নিলামে বিক্রি করে রাষ্ট্রের অনুকূলে টাকা জমা করা হবে।

আরও পড়ুন

×