আইনের মধ্যে থেকেই সংবিধান রক্ষা করতে হবে: শিরীন আখতার
ফুলগাজীর ধর্মপুর এডুকেশনাল এস্টেট মিলনায়তনে আমজাদহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মফিজুল হকের স্মরণসভা।
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ০৯:৩৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ | ০৯:৩৩
জাসদ সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, আইন-কানুনের মধ্যে থেকে সংবিধান রক্ষা করতে হবে। অনিয়মের কাছে মাথা নত নয়, ন্যায়ের পক্ষে থাকতে হবে। দেশ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তৃণমূল জনপ্রতিনিধিরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে হবে।
শনিবার (৫ নভেম্বর) ফুলগাজীর ধর্মপুর এডুকেশনাল এস্টেট মিলনায়তনে আমজাদহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মফিজুল হকের স্মরণসভায় তিনি এ কথা বলেন। হক ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাডভোকেট রবিউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম, জেলা জাসদ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারকউদ্দিন মাহমুদ সাজু, মো. সুরুজ্জামান ও মাওলানা মো. ইব্রাহীম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম কোহিনূর, ব্যাংকার গিয়াসউদ্দিন মানিক প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শিরীন আখতার আরও বলেন, সৎ ও নির্লোভ তৃণমূল জনপ্রতিনিধিদের অন্যতম মফিজুল হক ওরফে মজু চেয়ারম্যান। তিনি ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন।
অঞ্চলটিকে গুণীজন জন্মের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করে এ জাসদ নেত্রী বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী হাবিবউল্লাহ বাহার চৌধুরী, প্রখ্যাত সম্পাদক আবদুস সালাম, সাবেক অর্থ সচিব কফিলউদ্দিন মাহমুদ, সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরীসহ অনেক কীর্তিমানের জন্ম এখানে। নতুন প্রজন্মকে অতীত গর্বকে ধারণ করে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।
- বিষয় :
- জাসদ
- শিরীন আখতার