ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিলেটে যাত্রীবাহী বাস থেকে শটগানের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার

সিলেটে যাত্রীবাহী বাস থেকে শটগানের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার
×

বাসের বাইরের মালপত্র রাখার বক্সের একটি ব্যাগের ভেতর গুলিগুলো রাখা ছিল - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ১০:২১ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ১০:২৯

সিলেটের সীমান্তবর্তী এলাকা জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে শটগানের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকা থেকে 'আফফান এন্টারপ্রাইজ' পরিবহনের একটি বাস থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের ঘটনায় বাসটির চালক ও হেলপারসহ সাত জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সমকালকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটনের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, বাসের সব যাত্রীকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি বলেন, বাসটি সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকায় পৌঁছলে পুলিশের চেকপোস্টে তল্লাশি করে গুলিগুলো উদ্ধার করা হয়। বাসের বাইরের মালপত্র রাখার বক্সে একটি ব্যাগের ভেতর গুলিগুলো রাখা ছিল। বাসটি (সিলেট-ব ১১-০১৪১) জব্দ করে থানায় আনা হয়েছে। নাশকতার জন্য না-কি অন্য কারণে গুলিগুলো নিয়ে আসা হয়েছে, তার অনুসন্ধান চলছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি সম্পর্কে বাসচালক ও যাত্রীরা জানেন না বলে দাবি করেছেন। সেজন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন

×