ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরে কর্মচারীদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি

সৈয়দপুর বিমানবন্দরে কর্মচারীদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি
×

ছবি: ফাইল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০৯:৩৩

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী যাত্রীদের সঙ্গে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার টিকিট কাউন্টারের কর্মচারীদের হাতাহাতি হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সংস্থাটির ফ্লাইট বিলম্ব হওয়ায় এ ঘটনা ঘটে।

এ সময় দুই যাত্রীর কাছ থেকে বোর্ডিং পাস কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর তাঁদের আটকে রেখে বিকেল ৪টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

আটক দুই যাত্রী হলেন রংপুরের চিকিৎসক মো. শরিফুল ইসলাম ও দিনাজপুরের পার্বতীপুর নতুন বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন সরকার জুয়েল।

নভোএয়ার সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝামেলা থাকায় ফ্লাইটটি দেরি হয়। এর মাঝে ইউএস-বাংলার বিমা সৈয়দপুর বিমানবন্দরে নামলে নভোএয়ারের যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন।

পরে তাঁদের জানানো হয়, দুপুর ১২টার পর বিমানটি সৈয়দপুর এসে পৌঁছাবে। এ কথা শুনে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্রব কুমার ঘোষ যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই দুইজন যাত্রী কাউন্টারের ডেস্ক ফেলে দিয়ে কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান।

আটক যাত্রী জসিমের অভিযোগ, বিমান বিলম্বের কারণ জানতে চাইলে বিমানবন্দর ব্যবস্থাপক আমাদের মারতে আসেন। নভোএয়ারের কর্মকর্তা-কর্মচারীরাও যাত্রীদের হেনস্তা করেন। অন্য যাত্রীদের ১.৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানো হলেও আমাদের আটকে রাখা হয়।

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশা এবং ফ্লাই ফাস্টের কারণে ওই সময় ঢাকা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিলো। তাই সৈয়দপুর থেকে ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়ে আসবে বলে যাত্রীদের জানানো হয়। এসময় কিছু যাত্রী হট্টগোল করার চেষ্টা করে।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্রব কুমার ঘোষ জানান, বিকেল ৪টায় নভোএয়ারের হেড অব ফ্লাইট অপারেশন শাহাদাত হোসেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মীমাংসায় বসেন। এ সময় মুচলেকা নিয়ে ডা. শরিফুলকে ওই দিনের ও জসিম উদ্দিনকে পরের দিনের ফ্লাইটের টিকিট দেওয়া হয়।

আরও পড়ুন

×