ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত
নিহত আসলাম আলী আকাই
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৪:৩৭
নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীর দুধ বহনকারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আসলাম আলী আকাই (৫২) নামের সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের একডালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম একই ইউনিয়নের গালিমপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিহারকোল বাজারে একটি মুদি দোকান চালাতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত আসলাম আলী সকালে মোটরসাইকেল যোগে বিহারকোল বাজারের দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি একডালা বাজারে পৌঁছলে বিপরীত দিক আসা সেনাবাহিনীর দুধ বহনকারী একটি কার্গো ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আসলাম মোটর সাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।
- বিষয় :
- সারাদেশ
- ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ
