চট্টগ্রামে মালবাহী ট্রলি খাদে পড়ে নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০০:১৬
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মালবাহী ট্রলি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকার সুলতান আহমদের ছেলে আবদুল হাকিম (৪৮) ও একই এলাকার মুহাম্মদ ইসমাঈল (৪০)।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত জানান, রাতে লোহাগাড়ার আমিরাবাদ বাজার থেকে একটি ট্রলি মালামাল নিয়ে আজিজনগরের উদ্দেশে রওনা দেয়। এটি চুনতি বনপুকুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত দুইজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন মারা যান।
- বিষয় :
- চট্টগ্রাম
- সড়ক দুর্ঘটনা
- নিহত
