ভূমি অফিসের তালা ভেঙে ভাঙচুরের ঘটনায় মামলা
রাজারহাট উপজেলা ভূমি অফিস। ছবি-সমকাল
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩ | ১২:৩৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ১২:৩৫
রাজারহাট উপজেলা ভূমি অফিসের সাতটি কক্ষের তালা ভেঙে প্রবেশ করে কাগজপত্র তছনছের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত নাজির মোফাজ্জল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
মামলা থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন সীমানাপ্রাচীর ঘেরা ভূমি অফিসের দক্ষিণ-পশ্চিমে দেয়াল ঘেঁষে কাঁটাতারের বেড়ার কিছু অংশ কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। প্রথমে নিচতলার স্টাফ রুমের দক্ষিণ দিকের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে একে একে ওপর ও নিচতলার সাতটি কক্ষের হ্যাজবলের আংটা কেটে ও চারটি রুমের ১০টি আলমারির তালা ভেঙে বিভিন্ন নথি, ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। অফিসে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ মূল্যবান জিনিস থাকলেও চোরেরা শুধু চাকিরপশার তালুক, চাঁন্দামারী ও গাবুর হেলান মৌজার তিনটি ম্যাপ নিয়েছে। ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অফিসে সিসি ক্যামেরা না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি।
নৈশপ্রহরী নাজমুল হক নাঈম জানান, সন্তানের অসুস্থতার কারণে রাত ৩টার দিকে তিনি অফিস থেকে বাড়িতে গিয়েছিলেন। সকালে অফিস খোলার পর মালপত্র তছনছ অবস্থায় দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুরে তাসনিম বলেন, ম্যাপের প্রয়োজন হলে রেকর্ড রুমে আবেদন করে নিতে পারত। চুরির প্রয়োজন ছিল না। এর পেছনে অন্য কিছু রহস্য আছে কিনা পুলিশ তদন্ত করছে।
