ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অপরিচ্ছন্নতা ও মশা নিধনে ব্যর্থতা

নাসিক মেয়র আইভীর সমালোচনা ৩ এমপির

নাসিক মেয়র আইভীর সমালোচনা ৩ এমপির
×

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী- ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ১০:১৯

অপরিচ্ছন্নতা ও নগরের মশা নিধনে ব্যর্থতার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের তিন সংসদ সদস্য তাদের বক্তব্যে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমালোচনা করেছেন। 

বৃহস্পতিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর' কর্মসূচির আওতায় দেশব্যাপী কার্যক্রম উদ্বোধন করেন। ওই কর্মসূচি শুরুর আগে নারয়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সুধী সভায় নাসিক মেয়রের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন ওই তিন সংসদ সদস্য। তবে অনুষ্ঠানে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন না। 

তিন সংসদ সদস্য হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলা বাবু। শামীম ওসমান বলেন, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার্থীরা শুরুতেই ময়লা ও যানজটের কথা বলেন। রুট পারমিট নেই কিন্তু গাড়ি চলছে। মানুষ ট্যাপ দেবে; কিন্তু মশার কামড় খাবে, ময়লার মধ্যে থাকবে- এটা তো হতে পারে না। নারায়ণগঞ্জ শহরে কোনো শৃঙ্খলা নেই। তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশদ্বারে প্রচুর ময়লা-আবর্জনা ফেলা হয়। এটা সিটি করপোরেশনের জায়গা। সিটি করপোরেশন বলবে আমরা ফেলি না। আমি যখন নারায়ণগঞ্জে আসি তখন গাড়ির গ্লাস বন্ধ করে আসি। সেখানে বর্জ্যের ওপর আবার আগুন দেওয়া হয়। সেই আগুনের ফলে যে ধোঁয়া হচ্ছে তা আশপাশে যেভাবে পরিবেশ নষ্ট করছে, তা করোনাভাইরাসের চেয়েও ভয়াবহ।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, জনগণের ভোটের মাধ্যমেই আপনি নির্বাচিত হয়েছেন। আপনি দোয়া পেতে পারেন আবার বদদোয়াও পেতে পারেন। প্রধানমন্ত্রী কোনো রাজনীতি চান না, তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা চান। আসেন বসেন সমস্যা সমাধান করেন। আমাদের যদি কোনো প্রয়োজন থাকে তাহলে বলেন, মন্ত্রণালয়ে দৌড়ে সমস্যা সমাধান করে দেব। অন্যথায় জনগণের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে বাধ্য হবো।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, 'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর' বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। কিন্তু আসার পথে নারায়ণগঞ্জে ঢুকতেই রাস্তার দু'পাশে আবর্জনার স্তূপ। এটাকে কীভাবে সরানো যায়। আর এটাই যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধান না করেন, তাহলে একজন এমপি হিসেবে আমি এ ধরনের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারি, কিন্তু সফলতা অর্জন করব কীভাবে?

তিনি বলেন, নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করতে হবে, যদি সফল হতে হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন

×