ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্দিতে নাক বন্ধ? ঘরোয়া প্রতিকারে যা করবেন

সর্দিতে নাক বন্ধ? ঘরোয়া প্রতিকারে যা করবেন
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৫:৩৩

হঠাৎ বৃষ্টি, আবার ভ্যাবসা গরম- এই আবহাওয়ায় ঘরে ঘরে সর্দি-কাশি ও ঠান্ডা লাগার সমস্যা লেগেই রয়েছে। সর্দির চেয়েও যে বিষয়টি সবচেয়ে বেশি কষ্ট দেয়, তা হল নাক বন্ধ হয়ে যাওয়া। রাতে ঘুমাতে গেলেই মনে হয় দম বন্ধ হয়ে আসছে। অনেকেই নাক বন্ধের প্রতিকার হিসেবে ইনহেলার বা ড্রপ ব্যবহার করেন। এতে সাময়িক আরাম মিললেও অতিরিক্ত ব্যবহারে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কোনও ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বন্ধ নাক খোলার কিছু উপায় জেনে নিন। যেমন-

১. বন্ধ নাক খোলার সবচেয়ে প্রাচীন ও বিজ্ঞানসম্মত উপায় হল ভাপ নেওয়া। একটি বড় পাত্রে ফোটানো পানি নিন। এবার মাথার ওপর একটি বড় তোয়ালে দিয়ে এমনভাবে ঢেকে নিন যাতে ভেতরের বাষ্প বাইরে বের হতে না পারে। পাত্রটির কাছাকাছি মুখ নিয়ে সাবধানে গরম পানির ভাপ নাক ও মুখ দিয়ে টানুন। পানির মধ্যে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল বা সামান্য পুদিনা পাতা মিশিয়ে নিলে সাইনাসের ব্লকেজ এক মিনিটেই পরিষ্কার হয়ে যাবে।

২. একটি পরিষ্কার সুতির কাপড় বা ছোট তোয়ালে হালকা গরম পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিন। এরপর তোয়ালেটি নাক, কপাল এবং চোখের ওপর দিয়ে কিছুক্ষণ রাখুন। এই গরম সেঁক নাসিকাপথের ভেতরের প্রদাহ বা ফোলাভাব কমিয়ে দেয়। সেই সঙ্গে জমা সর্দি তরল করে বের করে দিতে সাহায্য করে।

৩. নাক বন্ধের সমস্যা দূর করতে গোলমরিচ দারুণ কাজ করে। এক চামচ খাঁটি মধুর সঙ্গে এক চিমটে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিনে দু-তিনবার খান। গোলমরিচের ঝাঁঝালো উপাদান নাকবন্ধ ভাব কাটাতে সাহায্য করে। অন্যদিকে মধু গলার খুসখুসে ভাব দূর করে।

৪. কড়াইতে ২-৩ কোয়া রসুন এবং এক চামচ জোয়ান শুকনো খোলায় হালকা ভেজে নিন। এবার একটি পাতলা সুতির কাপড়ে এসব উপকরণ বেঁধে ছোট পোটলা তৈরি করুন। এই পোটলার গন্ধ কিছুক্ষণ পর পর শুকলে বন্ধ নাক অনেকটাই কমে যায়। 

৫. নাক বন্ধ থাকলে সারাদিন হালকা গরম পানি, আদা-তুলসির ভেষজ চা বা গরম স্যুপ খান। তরল খাবার জমা সর্দিকে পাতলা করতে সাহায্য করে। সূত্র: টিভিনাইন

আরও পড়ুন

×