ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাটিরাঙ্গায় নিহতরা নিরস্ত্র ছিল: তদন্ত প্রতিবেদন

মাটিরাঙ্গায় নিহতরা নিরস্ত্র ছিল: তদন্ত প্রতিবেদন
×

ফাইল ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ১০:৩৫ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ১১:০৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ৩ মার্চের সহিংসতার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটি বুধবার রাতে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় নিহতরা নিরস্ত্র ছিল। তাছাড়া গাছ কাটা ও পরিবহনে বাধা দেওয়া বিজিবির দায়িত্বে ছিল না। বিজিবি সদস্যরা পেশাদার ও দায়িত্বপূর্ণ আচরণ করলে এত বড় ঘটনা এড়ানো যেত।

তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে বলে দাবি করেছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রিজাউল করিম। তদন্ত প্রতিবেদনটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। গত ৩ মার্চ মাটিরাঙ্গার গাজীনগরে গাছ কাটাকে কেন্দ্র করে করে বিজিবি সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন নিহত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত বিজিবি সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভিডিও চিত্রসহ পাঁচটি তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে মন্তব্যসহ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এর মধ্যে বিজিবির পক্ষ থেকে গ্রামবাসীকে জড়িয়ে হামলা, সরকারি কাজে বাধা ও হত্যার অভিযোগ থাকলেও নিহত গ্রামবাসী নিরস্ত্র ছিল বলে জানানো হয়েছে তদন্ত প্রতিবেদনে। বিজিবির ওপর গ্রামবাসী ও নিহতদের হামলার অভিযোগেরও সত্যতা পায়নি কমিটি। নিহত এক ব্যক্তি বিজিবি সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়েছে বলে দাবি করা হলেও একজন প্রশিক্ষিত বিজিবি জওয়ানের কাছ থেকে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির পক্ষে অস্ত্র ছিনিয়ে নেওয়া বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রিজাউল করিম ছাড়াও তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান ও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন।

আরও পড়ুন

×