ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চাঁদপুরে বিএনপি প্রার্থীর মৃত্যু, মেয়র পদে নির্বাচন বাতিল

চাঁদপুরে বিএনপি প্রার্থীর মৃত্যু, মেয়র পদে নির্বাচন বাতিল
×

মো. সফিকুর রহমান ভূঁইয়া

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ২৩:২৮

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. সফিকুর রহমান ভূঁইয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর ৫টার দিকে তিনি চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে মারা যান।

সফিকুর রহমানের মৃত্যুর ফলে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

তিনি জানান, বিএনপি মনোনীত প্রার্থীর মৃত্যুর ফলে নির্বাচনী বিধি অনুযায়ী আগামী ২৯ মার্চ এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন হচ্ছে না। নতুন সিডিউলে মেয়র পদে ভোটগ্রহণ হবে। তবে কাউন্সিলর পদে ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চই ভোট হবে।

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার পুরাণবাজার ৫নং ওয়ার্ড রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন সফিকুর রহমান। দিনেও কয়েকবার তিনি অসুস্থতা বোধ করেন। পরে রাত ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদ আসর চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি প্রার্থী শফিকুর রহমান মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তান, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন।

তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

×