মোটরসাইকেল আরোহী নিহত
হাইওয়ে পুলিশকে গণপিটুনি, মহাসড়ক অবরোধ
নিহত মোটরসাইকেল আরোহী এমাদ আহমদ। ছবি-সংগৃহীত
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:০২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:০২
সিলেটের ওসমানীনগরে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ওই মোটরসাইকেল আরোহী এমাদ আহমদ (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এমাদ আহমদ দয়ামীর বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ এবং কাউয়ারাই গ্রামের সোরাব আলী মাস্টারের ছেলে। দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের ২ সদস্যকে গণপিটুনি দিয়ে প্রায় ২ ঘণ্টা মহাড়ক অবরোধ করে রাখেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুরুয়া এলাকায় প্রতিদিনের মতো দায়িত্ব পালনকালে অটোরিকশা ধরছিল হাইওয়ে পুলিশ। এসময় একটি অটোরিকশা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী এমাদকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয় উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশের দুই সদস্যকে গণপিটুনি দিলে এসআই আবদুল করিম আহত হন। এসময় প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হাইওয়ে পুলিশের এসআই আবদুল করিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশের ধাওয়ায় একটি অটোরিকশা পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাড়ির ওসি আবদুল কবির বলেন, দায়িত্ব পালনকালে একটি অটোরিকশা পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি মারা যান। বিক্ষুব্ধ জনতা একজন এসআইকে মারধর করেছেন বলেও স্বীকার করেন তিনি।
- বিষয় :
- হাইওয়ে পুলিশ
- ধাওয়া
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- গণপিটুনি
- ট্রাকচাপা
