ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

রাতে জন্মেছিল শিশুটি পরদিন মিলল লাশ

রাতে জন্মেছিল শিশুটি পরদিন মিলল লাশ
×

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:২৪

ঝিনাইদহে সেপটিক ট্যাঙ্ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের হামদহ শান্তিনগরপাড়ার একটি বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নবজাতকের মা খালেদা আক্তার কল্পনাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নবজাতকের বাবার নাম সুমন আলী। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। পেশায় রিকশাচালক সুমন ও তাঁর স্ত্রী হামদহ শান্তিনগরপাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁদের আগেও দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। বুধবার রাতে কল্পনা আরেকটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে সুমন আলী তাঁর সদ্যোজাত সন্তানকে স্ত্রীর পাশে পাননি। বাচ্চার কথা জানতে চাইলে কল্পনাও কোনো জবাব দেননি। সুমন বিষয়টি প্রতিবেশীদের জানালে সন্ধ্যায় তাঁরা কল্পনার কাছে বাচ্চার খোঁজ জানতে চান। এ সময় কল্পনা স্বীকার করেন, শিশুটিকে তিনি বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তারা এসে নবজাতকের লাশ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সুমন মিয়া তাঁর স্ত্রী কল্পনার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ কল্পনাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে কল্পনা অসংলগ্ন নানা কথা বলছেন।

আরও পড়ুন

×