ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

লাকসামে চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

লাকসামে চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
×

ফাইল ছবি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৯:০৫

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

ট্রেনের ইঞ্জিনে আগুন দেখে যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। পরে ট্রেনটির বিকল ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন দিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর চলাচল স্বাভাবিক হয়।

চট্টলা এপপ্রেস ট্রেনের চালক মোশাররফ হোসেন বলেন, ট্রেনটি লাকসাম স্টেশনে যাত্রাবিরতির পর সকাল সাড়ে ১১টায় আলী শহর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে ট্রেনটি থামিয়ে ফেলি। পরে সহকারী চালক রাশেদুল ইসলামসহ ইঞ্জিনের ভেতরে গিয়ে দেখি স্টেশনার ভাউজিং ব্লাস্ট হয়ে মবিল থেকে আগুন লেগেছে। এ সময় ইঞ্জিনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

চট্টলা ট্রেনের যাত্রী শহীদ জানান, ইঞ্জিনে আগুন দেখে আমিসহ অন্যান্য যাত্রী ভয়ে লাফিয়ে নামতে গিয়ে ব্যথাও পেয়েছি। আমার সঙ্গে অনেক যাত্রী জীবন বাঁচাতে গিয়ে লাফ দিয়ে ব্যথা পেয়েছেন।

লাকসাম লোকোশেডের ইনচার্জ সোলেমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি পেছনের স্টেশন লাকসাম নিয়ে আসা হয়।

লাকসাম স্টেশন মাস্টার সাহাব উদ্দিন জানান, ট্রেনটির বিকল ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন দিয়ে ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে ওই ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে।

আরও পড়ুন

×