অস্ট্রেলিয়া ম্যাচের আগে সুখবর পেল মিসর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১২:৫১
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বড় সুখবর পেয়েছে মিসর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলটির অধিনায়ক মোহামেদ সালাহ অনুশীলনে ফিরেছেন। মঙ্গলবার আংশিকভাবে দলের অনুশীলনে অংশ নেন তিনি। এতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের প্রতিপক্ষ ছিল ইরান। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সালাহ। এরপর থেকেই তার নকআউটে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার অনুশীলন মাঠে তার প্রত্যাবর্তনে সেই শঙ্কা অনেকটাই দূর করেছে এবং মিসর শিবিরে স্বস্তি ফিরিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোকেনে দলের সঙ্গে অনুশীলনরত হাস্যোজ্জ্বল সালাহর কয়েকটি ছবি প্রকাশ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘দ্য কিং ইজ ব্যাক’ অর্থাৎ, ‘রাজা ফিরে এসেছেন’।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন। গ্রুপপর্বের তিন ম্যাচ মিলিয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। তার নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিসর। তিনিই মূলত মিসরের আক্রমণভাগের প্রধান ভরসা।
গ্রুপপর্বে পাঁচ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বেলজিয়ামের পিছনে থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করে মিশর। আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- মিশর
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
