ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ফরিদপুরে করোনারোধে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

ফরিদপুরে করোনারোধে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ১০:৫৩

ফরিদপুরে শপিং মল, রেষ্টুরেন্ট, বাণিজ্য কেন্দ্র, ভ্রাম্যমাণ ফাষ্টফুডের দোকান, আবাসিক হোটেল, পশুর হাট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ ও রাস্তার পাশের খাবার ও চা দোকানের আড্ডা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য সামগ্রী, ঔষধ, মাছ-মাংসের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সকল দোকানপাট, কাঁচা বাজার, সাধারণ খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। তবে এসবস্থানে কেনাকাটার সময় কমপক্ষে ১ মিটার নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে খাদ্যদ্রব্যের পাইকারী বাজার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুমতি সাপেক্ষে খোলা থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বিদেশ ফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করে কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র, থানা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সমকালকে বলেন, ‌‘করোনা পরিস্থিতি মোকাবিলার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণার পূর্ব পর্যন্ত এ বিধি নিষেধ অব্যাহত থাকবে।’

এ ঘোষণা ফরিদপুরে মাইকিং করে প্রচার করা হয়। দুপুর থেকে পুলিশ এ নির্দেশ কার্যকর করতে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রত্যেক দোকানে গণবিজ্ঞপ্তির কপি পৌছে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরপর দোকান বন্ধ করে দেওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন

×