ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

টেকনাফে ‘বিদেশ ফেরতদের' খোঁজে নেমেছে উপজেলা প্রশাসন

টেকনাফে ‘বিদেশ ফেরতদের' খোঁজে নেমেছে উপজেলা প্রশাসন
×

বিদেশ ফেরতদের খোঁজ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ১২:২৯

করোনা প্রার্দুভাব এড়াতে ‘কোয়ারেন্টিনে’ নিতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদেশ ফেরতদের খোঁজে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সরকারি তালিকা হিসেবে বিদেশ ফেরত শতাধিকের বেশি মানুষদের হদিস পাওয়া যাচ্ছে না। ফলে এতে সীমান্তের টেকনাফ আরও করোনা ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।

তবে গত দুই দিনে ৩৩ জন বিদেশ ফেরতকে ‘কোয়ারেন্টিনে’ নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। বাকিদের খোঁজে কাজ করছেন স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে অবৈধপথে ভারত ফেরত টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে আশ্রিত এক রোহিঙ্গা পরিবারকে ‘কোয়ারেন্টিনে’ নেওয়ায় রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে আরও ভয়ের সৃষ্টি হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদেশ ফেরতদের খোঁজে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. টিটু চন্দ্র শীল এর নেতৃত্বে একটি দল সাবরাং ইউনিয়ের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন বিদেশ ফেরতদের ‘কোয়ারেন্টিনে’ নিশ্চিত করেন। একই দিন দুপুর থেকে টেকনাফ উপজেলায় ফার্মেসি ও নিত্যপ্রয়োজনী দ্রব্য ছাড়া সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘করোনা প্রতিরোধে বিদেশ ফেরতদের মধ্যে ৩৩ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ নেওয়া হয়েছে। তবে বিদেশ ফেরত তালিকায়ভুক্ত অনেককে খোঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে মাঠে কাজ চলছে।’

তিনি বলেন, ‘জনসমাগম না করতে মাইকিং করে সচেতনতা করা হচ্ছে। এতে সাড়া দিয়ে অনেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রেখেছে। তবে ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা রয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘করোনা রোধে একটি তালিকা নিয়ে আমরা যৌথভাবে কাজ করছি। গত দুই দিনে ৩৩ জন বিদেশ ফেরতকে কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। তবে অনেক বিদেশ ফেরতদের খোঁজ হদিস পাওয়া যাচ্ছে না। তবে কোয়ারেন্টিন নিশ্চিতে স্বাস্থ্য কর্মীরা তদারকি করছে।’

তিনি বলেন, ‘এই ভাইরাস রোধে প্রতিদিন সচেতনতা মূলক প্রচারণা ও মাইকিং চলছে। তবু আমার অনুরোধ হলো নিজে এবং দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। তাছাড়া যেসব স্বাস্থ্য কর্মীরা করোনা রোধে মাঠে কাজ করছে তারাও ঝুঁকি মুক্ত নই।’

এদিকে করোনা প্রার্দুভাব এড়াতে সকাল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সমাগম এড়াতে ফার্মেসি, কাঁচা বাজার, মুদির দোকান ও নিত্যপ্রয়োজনী দ্রব্যের দোকান ছাড়া বাকি সব মার্কেটসহ দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‌‘করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে ফার্মেসি ও নিত্যপ্রয়োজনী দ্রব্যের দোকান ছাড়া, বাকি সকল মার্কেটসহ দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। এতে জনগণ সাড়া দিয়েছে। মূলত জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সীমান্ত এলাকায় যাতে একজন ব্যাক্তিও এ ভাইরাসে আক্রান্ত না হয় সেই প্রচেষ্টা আমাদের। পাশাপাশি করোনা মুক্ত থাকতে জনগনকে নিজ নিজ বাসায় অবস্থান করতে অনুরোধ করা হয়েছে।’

আরও পড়ুন

×