‘সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে তামাশা শুরু করেছে ইসি’
বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১১:৪৫ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ১১:৪৫
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সিটি করপোরশেন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) জনগণের সঙ্গে নতুন করে তামাশা শুরু করেছে। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। বরিশাল সিটি নির্বাচনে দলের কেউ অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার বরিশাল মহানগরে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচারে দেশের অর্থনীতি এখন বিপর্যস্ত। এমতাবস্থায় সাধারণ মানুষের অধিকার ও সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে বিএনপি। একারণে দেশবাসী এখন বিএনপির পক্ষ নিয়েছে। আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বরিশাল মহানগর, সদর উপজেলা এবং কাউনিয়া ও বিমানবন্দর থানা বিএনপি পৃথক অবস্থান কর্মসূচি পালন করে।
মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন মহানগরের যুগ্ম আহ্বায়ক এ কে এম শহিদুল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
সদর রোডের অশ্বিনী কুমার হল চত্তরে সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। সদর উপজেলা শাখার আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন।
নগরীর ভাটিখানা এলাকার সোনালী আইসক্রিম মোড়ে কর্মসূচি পালন করে কাউনিয়া থানা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। মাকসুদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন মহানগরের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার ও হাবিবুর রহমান টিপু।
বিমানবন্দর থানার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় কাশিপুর বাজারে। মহানগর বিএনপির আহ্বায়ক মীর জাহিদুল কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম আমিন, আ ন ম সাইফুল আহসান, এইচএম তসলিম উদ্দিন প্রমুখ।
- বিষয় :
- বিএনপি
- সিটি করপোরশেন
- তফসিল ঘোষণা
