সাতক্ষীরায় ২১ দফা দাবিতে নাগরিক সংলাপ
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে নাগরিক সংলাপ। ছবি: সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:২২ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:২২
সাতক্ষীরায় রেললাইন, নৌবন্দর, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ২১ দফা দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এর আয়োজন করা হয়।
নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ আজাদ হোসেন বেলাল। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর দীর্ঘদিনেও নাভারণ-সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়নি। বসন্তপুর নৌবন্দর স্থাপনের সংরক্ষক নিয়োগ করে গেজেট প্রকাশিত হলেও দৃশ্যত আর কোনো কার্যক্রম নেই। সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ। সাতক্ষীরায় পর্যটন সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ঘোষণা আজও বাস্তবায়িত হয়নি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও চিকিৎসক ও জনবল সংকটে সেটি চিকিৎসা সেবায় পরিপূর্ণ ভূমিকা রাখতে পারছে না। ভোমরা বন্দর আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ন্যূনতম নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পৌর এলাকার মানুষ।
বক্তারা সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে পাটকেলঘাটা থানাকে উপজেলা এবং সাতক্ষীরাকে প্রথম শ্রেণির জেলা ঘোষণার দাবি জানান।
সভায় বক্তব্য দেন শেখ আজাহার হোসেন, অধ্যক্ষ আবু আহমেদ, আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, ওবায়দুস সুলতান বাবলু, মাধব চন্দ্র দত্ত, জোৎস্না দত্ত প্রমুখ।
