বাড়িতে ফিরে দুপুরের খাবার খাওয়া হলো না পলাশের
সড়কে মরদেহ ঘিরে দাঁড়িয়ে আছেন সাধারণ জনগণ। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১১:০১ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১১:০১
ফরিদপুর শহরের আলীপুর ব্রিজে ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম পলাশ শেখ (৪২)। তিনি শহরের হাড়োকান্দি এলাকার মৃত মিলন ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, পলাশ অটোতে করে নিউ মার্কেটের দিক থেকে আলীপুর ব্রিজের গোড়ায় বিসর্জন ঘাটের কাছে নামে। তিনি রাস্তা পার হয়ে লালন নগর বস্তিতে যেতে চেয়েছিলেন। তিনি রাস্তা পার হবার জন্য মাঝখান পর্যন্ত আসলে হাজরাতলা মোড়ের দিকে থেকে আসা একটি মোটরসাইকেল পলাশকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা দশ চাকার একটি খালি ট্রাক পলাশকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ভাতিজা উজ্জল শেখ বলেন, আমার চাচা শারীরিকভাবে প্রতিবন্ধী। প্রায় ১০ বছর আগে তিনি স্ট্রোক করছিল। তখন তার ডান দিক প্যারালাইজড হয়ে যায়। দীর্ঘদিন ঘরে পড়ে থাকার পর আস্তে আস্তে তিনি কিছুটা চলাচল করতে পারত। কিন্তু কোন কাজ করতে পারত না। মাঝে মধ্যে বাজার করে আনত। আর শহর দিয়ে ঘুরে বেড়াত।
তিনি আরও বলেন, লালন নগর বস্তিতেই থাকত চাচা। এখানেই বিয়ে করেছিলেন তিনি। এটা তার শ্বশুর বাড়ি। আজ সকালে বাজারে ঘুরতে বের হয়ে দুপুরে খাবার খেতে বাড়িতে ফিরছিলেন। আর বাড়ির সামনের রাস্তায় প্রাণ গেল তার। তার এক ছেলে ও এক মেয়ে আছে। চাচা কাজ করতে না পারায় চাচী মানুষের বাসায় কাজ করে সংসার চালান।
উজ্জল শেখ বলেন, চাচার চলাফেরায় সমস্যা হতো বলে তিনি অধিকাংশ সময় ব্রিজের নিচ দিয়ে বাড়িতে যেতেন। আজ কি মনে করে যে রাস্তা পার হয়ে বাড়ি যাচ্ছিল? আজ ব্রিজের নিচ দিয়ে গেলে চাচাকে হারাতে হতো না।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ট্রাক চাপা
- নিহত
- সড়ক দুর্ঘটনা
- পুলিশ
