টেকনাফে বনে আগুন, নাশকতা সন্দেহ কর্তৃপক্ষের
আগুনে পুড়ছে বন- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১৩:৩১ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ১৩:৩২
কক্সবাজারের টেকনাফের গেইম রির্জাভ ফরেষ্টের বন আগুনে পুড়ছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে লাগা ওই আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আনা যায়নি। বনে ডাকাত দল নাশকতা করতে পারে বলে সন্দেহ স্থানীয় ও বন বিভাগের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পৌরসভার নাইট্যং বনের জাদিমুরা নামক স্থানে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। প্রথম দফায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু পাহাড়ে অবস্থানকারী একদল সন্ত্রাসী তাদের বাধা দেয়। এতে বনের কয়েক কিলোমিটার এলাকা জুড়েঁ অন্তত ১৬টি স্পটে আগুনে জ্বলতে থাকে পাহাড়ের গাছপালা।
খবর পেয়ে বন বিভাগ, দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা চালায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসায় বন বিভাগের লোকজন ছাড়া অন্যরা মূল স্পটে পৌঁছাতে পারেনি। এ ঘটনায় বন বিভাগের প্রায় ১০ হেক্টর বন পুড়ে ধ্বংস হয়ে গেলেও কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ওই এলাকায় পৌঁছালেও দুর্গম পাহাড়ে উঠতে না পারায় আগুন নেভানো যাচ্ছে না।
বন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বন বিভাগের লোকজন যখন মঙ্গলবার বিকেলে আগুন নেভাতে যান তখন পাহাড়ের ভেতর হতে বাঁশি বাজিয়ে উল্টো ধমক দেওয়ার চেষ্টা করে একদল মুখোশধারী ডাকাত। পরে বন বিভাগের লোক পরিচয় পেয়ে তারা সটকে পড়েন।
রাতে জানতে চাইলে টেকনাফের বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ বলেন, এ বনে এর আগেও কয়েক দফায় আগুনে জ্বলার ইতিহাস রয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকটি ডাকাত গ্রুপ এখানে অবস্থান করছে। তারা আধিপত্য বিস্তারে এ ধরনের নাশকতা পরিচালনা করে থাকতে পারে।
তিনি বলেন, তবে এখন আগুন প্রায় নিয়ন্ত্রণেলে এসেছে। শুধু বনের একটি টিলায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করে আগুনের পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে।
টেকনাফ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, পাহাড়ে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তারা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লোকালয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পাহাড়ের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। রাতে কয়েকটি স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অন্যন্য জায়গায় আগুন জ্বলছে। বাকি কয়েকটি পয়েন্টের আগুন নিয়ন্ত্রণে আনা ও তা আশপাশের জনবসতিতে যাতে ছড়িয়ে না পড়ে সে চেষ্টাই করা হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় লোকালয়ের কিছু অঞ্চল ঝুঁকিতে ছিল। এখনও পাহাড়ে আগুন জ্বলছে এবং তা নেভানোর চেষ্টা চলছে।
- বিষয় :
- টেকনাফ
