খুলনার বানরগাতী বাজারে আগুনে পুড়ল ৪৮ দোকান
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২১:৫৯
খুলনা মহানগরীর বানরগাতী বাজারে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৪৮টি দোকান। প্রায় ৫১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে বানরগাতী বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নূরনগর ও টুটপাড়া স্টেশন থেকে ৫টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৮টি দোকান পুড়ে গেছে।
বাজারের দোকানিরা জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ২০টি মুদি দোকান এবং বাকিগুলো কাঁচামালের।
বানরগাতী এলাকার বাসিন্দা মো. রাসেল দাবি করেন, বাজারের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিস আগুনের কোনো কারণ জানাতে পারেনি।
