ফোন দিলেই বাড়ি যাবে খাবার গাড়ি
কুলাউড়া থানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২৩:০৫ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ২৩:০৮
ফোন দিলেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাবার গাড়ি। গাড়িতে রয়েছে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী। করোনা পরিস্থিতিতে যাতে বাড়ির বাইরে বের হতে না হয়, সেজন্য মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশ গরীব ও শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম হাতে নিয়েছে।
‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ি’ এই স্লোগান নিয়ে মঙ্গলবার কুলাউড়া থানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
থানা সূত্র জানায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরশহরের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের টহল গাড়ি করে ৪০০ পরিবারের মধ্যে খাবার সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও ১টি সাবান। খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে থানার ওসির সরকারি (০১৭১৩-৩৭৪৪৪৩) নাম্বারে ফোন দেয়ার জন্য আহবান জানানো হয়।
ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, খাবার গাড়ি উপজেলার গরীব ও শ্রমজীবীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে।
- বিষয় :
- মৌলভীবাজার
- করোনা
