সংখ্যালঘুর পোড়া বসতভিটায় এক দিনে নতুন ঘর
পোড়া বসত ভিটায় দোচালা টিনের ঘর- সমকাল
সোনাগাজী(ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২৩:১৮ | আপডেট: ০১ এপ্রিল ২০২০ | ০২:৪৭
আগুন লাগার এক দিনের মধ্যেই দরিদ্র সংখ্যালঘু অরুন চন্দ্র দাসের পোড়া বসত ভিটায় দোচালা টিনের ঘর নির্মাণ করে দিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন। এছাড়াও তিনি পরিবারটিকে নগদ অর্থ সহায়তা দেন। ঘর নির্মাণ কাজে তাকে সাহায্য করেন চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা’।
সোমবার রাতে সোনাগাজী উপজেলা চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের ছোট পন্ডিত বাড়ির অরুন চন্দ্র দাসের বসত ঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে ওই বাড়ির তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার সকালে পোড়া বসত ভিটায় সহায় সম্বল হারানো অরুন চন্দ্র দাসের পরিবার যখন কাঁদছিলেন ঠিক তখনই উপজেলা চেয়ারম্যানের পাঠানো নির্মাণ সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন। একই সময়ে অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন স্থানীয় চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু ও স্বেচ্ছোসেবী সংঠনের স্বেচ্ছাসেবকরা। বিকালে পোড়া বসতভিটায় তৈরি হয়ে যায় নতুন ঘর। সন্ধ্যায় চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও পরিধেয় বস্ত্র দিয়ে নতুন ঘরে অরুন চন্দ্র দাসের পরিবারকে তুলে দেওয়া হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত অরুন চন্দ্র দাস বলেন, ভাবতেও পারিনি সবাই আমাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করবে। আমার পক্ষে নতুন ঘর তৈরি করে বসবাস করা কিছুতেই সম্ভব ছিলোনা। দেবদূতের মতো হাজির হয়ে যারা আমাদের নতুর ঘর তৈরি করে এবং খাদ্যসামগ্রী দিয়েছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ।
এদিকে মঙ্গলবার রাতে একই ইউনিয়নের সেকান্তার মেস্তরীর বাড়ির দুটি বসতঘরে দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
