গোবিন্দগঞ্জে ৩ সাঁওতাল হত্যা: মামলার নারাজি শুনানির আদেশ ফের পেছাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ মে ২০২৩ | ০৬:১৭
আইনজীবী এ এন এম ফয়জুল আলম রণন বলেন, এর আগে এ মামলার নারাজি চার দফা পিছিয়ে। গত ১৫ মার্চ শুনানি শেষে আদেশের জন্য গতকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। নারাজি দরখাস্ত অধিকতর শুনানির জন্য আবারও দিন ধার্য করা হয়।
এ আইনজীবী বলেন, সাত বছরেও মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। এতে মামলার বাদী ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, সাঁওতালদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় অবরোধসহ বিক্ষোভ করেন সাঁওতালরা। এ সময় বক্তব্য দেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সহসভাপতি সুফল হেমব্রম, সদস্য ব্রিটিশ সরেণ, ময়নুল ইসলাম, আদিবাসী প্রিসিলা মুরমু ও নেত্রী সুচিত্রা মুরমু তৃষ্ণা।
গতকাল দুপুর আড়াইটা থেকে পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ পথচারীরা।
সকালে সাঁওতাল-বাঙালি নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বাগদাফার্ম এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও থানার ওসি ইজার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সাঁওতালদের দাবির বিষয়টি উচ্চ মহলে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন বলেন, রাস্তা অবরোধ করায় যাত্রীর ভোগান্তির বিষয়টি অবরোধকারীদের বোঝানো হয়। পাশাপাশি তাঁদের দাবির বিষয়টি সমাধানে উচ্চ মহলে জানানোর আশ্বাস দিলে সাঁওতালরা অবরোধ তুলে নেন।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে বলেন, ‘নারাজির ওপর চারবার শুনানি পেছানো হয়েছে। এতে আমরা ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করছি। এভাবে কালক্ষেপণ করা হলে এর থেকেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিতে আখ কাটতে গেলে বাপ-দাদার সম্পত্তি দাবি করে বাধা দেন সাঁওতালরা। এ সময় গুলিতে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে তিন সাঁওতাল মারা যান।
- বিষয় :
- সাঁওতাল হত্যা
- নারাজি শুনানি
