বগুড়ায় আইসোলেশনে থাকা কিশোরের মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৭:৫৪ | আপডেট: ০১ এপ্রিল ২০২০ | ১১:০৪
বগুড়ায় আইসোলেশনে থাকা ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা মোহাম্মদ আলী হাসপাতালে ওই কিশোরকে বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, মৃত কিশোরটির নমুনা সংগ্রহ করে তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার বাড়ি গাবতলী উপজেলার মহিষাবান এলাকায়।
মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, কিশোরটিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে নেওয়া হয়েছিল। এজন্য তার বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউনের জন্য প্রশাসনকে জানানো হবে।
মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও জানান, সাতদিন আগে কিশোরটির পায়ে ব্যথা অনুভূত হয়। সে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিল। তবে তিনদিন আগে তার পা ফুলতে শুরু করে এবং গায়ে জ্বর আসে। মঙ্গলবার স্থানীয় এক চিকিৎসক তাকে স্যালাইন ও ওষুধ খেতে দেন। তারপর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। বুধবার বেলা সোয়া ৩টায় তাকে যখন মোহাম্মদ আলী হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। সংজ্ঞাহীন অবস্থায় তাকে অক্সিজেন দেওয়ার পর তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয় তবে জ্ঞান ফেরেনি। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ধারণা করছি, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুটির এ ধরনের সমস্যা হয়েছিল।
শিশুটিকে আইসোলেশনে নেওয়ার কারণ জানতে চাইলে ডা. কাজল বলেন, জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় তাকে আইসোলেশনে নেওয়া হয়েছিল।
- বিষয় :
- বগুড়া
- আইসোলেশন
- করোনার প্রাদুর্ভাব
