হাসপাতালে যাওয়ার কথা বলে আত্মগোপন, পুলিশ নিল আইসোলেশনে
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৯:৩৫ | আপডেট: ০১ এপ্রিল ২০২০ | ০৯:৪০
টাঙ্গাইলের সখীপুরের নিজ বাড়ি থেকে সখীপুর হাসপাতালে আসার কথা বলে পালিয়ে যাওয়া সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে অবশেষে মধুপুরে থেকে উদ্ধার করা হয়েছে। মধুপুর থানা পুলিশ ওই রোগীকে বিশেষ ব্যবস্থায় সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠিয়েছে।
শরীরে জ্বর ও গলাব্যথা থাকায় তাকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সখীপুর সরকারি মুজিব কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ওই রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হবে বলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান জানান।
এদিকে সকাল থেকে ওই ব্যক্তির বাড়ির আশপাশের আটটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ বলেন, ওই ব্যক্তি গাজীপুরে একটি কারখানায় চাকরি করেন। মঙ্গলবার রাতে শরীরে জ্বর নিয়ে বাড়ি ফেরেন তিনি। বুধবার সকালে তিনি বমি করেন। পরে পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি ইউএনও আসমাউল হুসনা লিজাকে জানানো হলে তিনি ওই ব্যক্তিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন। ওই রোগী হাসপাতালে না এসে পালিয়ে চিকিৎসার জন্য মধুপুরের একটি বেসরকারি হাসপাতালে যান। পরে মধুপুর থানা পুলিশ সন্ধ্যায় ওই রোগীকে উদ্ধার করে সখীপুর হাসপাতালে পাঠিয়ে দেন।
সখীপুর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ওই রোগীর শরীরে জ্বর ও গলাব্যথা রয়েছে। সকালে পাতলা পায়খানা ও বমি হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হচ্ছে। বৃহস্পতিবার তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ির আশপাশের আটটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অন্যদিকে সকালে যে অটোভ্যানে সন্দেহভাজন ওই রোগীকে নিয়ে এসেছেন, সেই ভ্যানচালককেও আইসোলেশন বিভাগের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
- বিষয় :
- টাঙ্গাইল
- আইসোলেশন
- করোনার প্রাদুর্ভাব
