করোনায় আক্রান্ত গুজবে শ্বশুরবাড়ি ছেড়ে পালালেন জামাই
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ১১:০৩
দীর্ঘদিন পর জামাই এসেছিলেন শ্বশুরবাড়ি। কিন্তু করোনা গুজবে আত্মরক্ষার্থে পলায়ন করতে হলো।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বুধবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার রামদী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত মান্নান মিয়ার জামাই আ. মান্নান (৪৫) মঙ্গলবার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এরপর থেকে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে ‘ভাইরাস আক্রান্ত রোগী নিজ এলাকা থেকে শ্বশুরবাড়ি পালিয়ে এসেছে।’
এ ধরনের গুজবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাস্তবতা খুঁজতে এগিয়ে আসে প্রশাসন।
উপজেলা নিরাপদ স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মো. কামাল উদ্দিন সমকালকে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর খবর পেয়ে আমরা অনুসন্ধানে আসি। শ্বশুরবাড়ি থেকে পালানো জামাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করি। তাকে অভয় দিলে তিনি সরাসরি আসেন। তার মধ্যে করোনা আক্রান্তের কোনো উপসর্গ পাওয়া যায়নি।
আ. মান্নান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পাইকা বেপারীপাড়া গ্রামের মালু বেপারীর ছেলে। পেশায় একজন জেলে। তার স্ত্রী শ্বশুরবাড়ির কাছেই একটি পোল্ট্রি ড্রেসিং প্ল্যান্টের কর্মচারী।
বেড়াতে এসে শ্বশুরবাড়ি ছেড়ে কেন পালালেন জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আসা হয় না। তাই এসেছিলাম। কিন্তু অপপ্রচারে আতঙ্কিত হয়ে পালিয়ে যাই।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- করোনার প্রাদুর্ভাব
