শ্যামনগরে বৈদ্যুতিক পাখার আঘাতে শিশুর মৃত্যু
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৯:১৬
সাতক্ষীরার শ্যামনগরে বৈদ্যুতিক পাখার আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে আঘাত পাওয়ার পর সোনিয়া আক্তার (৯) নামের শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। সোনিয়া উপজেলার কাতখালী গ্রামের কবিরুল ইসলামের মেয়ে। সে নানাবাড়িতে থেকে কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। তার নানা ওমর আলী জানান, রাতের খাওয়া শেষে সোনিয়া শোবার ঘরে খাটের ওপর দাঁড়িয়ে তাক থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছিল।
এ সময় মাথার ওপর ঘুরতে থাকা পাখার আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। ৯টি সেলাই দিয়ে চিকিৎসকরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে তার বমি শুরু হলে আবারও হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, মস্তিস্কে রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
নিহতের নিকটাত্মীয় মেহেদী হাসান সোহাগ জানান, সোনিয়ার মা-বাবা ময়মনসিংহে ইটভাটায় কাজ করেন। দুর্ঘটনার খবরে তারা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তারা পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোনিয়াকে দাফন করা হবে।
- বিষয় :
- শিশুর মৃত্যু
- বৈদ্যুতিক পাখার আঘাত
- শ্যামনগর
