পাবনায় আধাঘণ্টার শিলাবৃষ্টিতে কৃষকের সর্বনাশ
বৃষ্টির পর জমিতে শিলের আস্তরণ পড়ে থাকতে দেখা যায় -সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ১১:৩০
পাবনার কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমের প্রথম কাল বৈশাখি ঝড় ও শিলা ষ্টির কারণে আমের মুকুল ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে পাবনা সদর, আটঘরিয়া, সুজানগর ও বেড়া উপজেলার অন্তত ৩০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি বয়ে যায়।
একদন্ত ইউনিয়নের বাসিন্দা কৃষক আল আমিন জানান, বিকেলে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে পুরো এলাকায় এক ধরনের ভূতুরে পরিস্থিতি সৃষ্টি হয়। এর অল্প সময়ের মধ্যে ব্যাপক ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। আধাঘণ্টা ধরে চলা ঝড়-বৃষ্টির কারণে কৃষকদের সর্বনাশ হয়ে গেছে। শিলের আঘাতে আমের মুকুল, পেঁয়াজ, বোরো ধান, লাউ ও কুমড়াসহ উঠতি ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার উদ্দিন বলেন, ঝড় ও শিলা বৃষ্টির কারণে প্রায় ৫০০ হেক্টর জমির বরো ধান, ২০০ হেক্টর পেঁয়াজসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির সঠিক পরিসংখ্যান তৈরি করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে আরো দুই-তিন দিন সময় লাগবে।
- বিষয় :
- পাবনা
- শিলাবৃষ্টি
- কৃষক
