ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কসবায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

কসবায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত
×

প্রতীকী ছবি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ১১:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তানভীর আহাম্মদ (২৩) নামক এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার সকালের এ ঘটনায় কমপক্ষে বিশজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত তানভীর আহাম্মদ কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অর্নাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মূলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের অনুষ্ঠিতব্য সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সাবেক ইউপি সদস্য সলিম মিয়া ও ফারুক মিয়ার লোকজনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত জানুয়ারি মাসে সলিম মিয়ার বাড়ির সামনে থেকে ফারুক মিয়া ও তার লোকজন দুই একর ২২ শতক জমি ক্রয় করেন। এ নিয়ে বিরোধ আরও চরম আকার ধারণ করে। তিনদিন আগে সলিম মিয়ার ভাই শরীয়তুল্লাহ ওই জমির পাশ্ববর্তী নিজেদের মালিকানাধীন জমি থেকে মাটি কাটেন। এতে ফারুক মিয়ার লোকজন সলিম মিয়ার লোকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে গিয়ে গালমন্দ করেন। এ নিয়ে দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেন। শনিবার বেলা ১১টার দিকে ফারুক মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে সলিম মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে তানভীর মিয়াসহ আরও কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুরুতর আহত তানভীর আহাম্মদকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন ঘটনাস্থল গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হোসেন, কসবা থানা অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ওসি জানান, হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আরও পড়ুন

×